
জামালপুরের মেলান্দহে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। ‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে ৩ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র্যালি শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল আরা’র সভাপতিত্বে সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন, মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা আক্তার জ্যোতি, জনসাস্থ্য কর্মকর্তা ইকবাল হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা সুকুমার চন্দ্র দাস, উপজেলা একাডেমিক সুপারভাইজার আশরাফুল আলম, ইত্তেফাক সংবাদদাতা শাহজামাল প্রমুখ।
মুখ্য আলোচক ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুর রহমানসহ বক্তারা সাধারণ মানুষকে সরকারি আইনগত সহায়তার সুফল ও প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এ সময় বিভিন্ন দপ্তরের সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী, এনজিও প্রতিনিধি, গণমাধ্যম কর্মীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল আরা বলেন, সরকারি খরচে আইনগত সহায়তা অসহায় মানুষের সাংবিধানিক অধিকার। এই অধিকার বাস্তবায়নে সরকার বদ্ধ পরিকর। অসহায় মানুষের আইনগত সহায়তার সফল বাস্তবায়নে জনসচেতনতা এবং ব্যাপক প্রচার-প্রচারণার মাধ্যমে জনমত সৃষ্টি করতে হবে।
মন্তব্য করুন