
জামালপুরে মাদকবিরোধী অভিযানে ১৫০০ পিস ইয়াবা ও ১০৪ গ্রাম হেরোইনসহ লকসি বেগম (৪১) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৫ এপ্রিল) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত লকসি বেগম ইসলামপুর উপজেলার বেপারীপাড়া এলাকার মৃত বাবুল বেপারীর মেয়ে।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিনের সার্বিক দিকনির্দেশনা এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ইয়াহিয়া আল মামুনের তত্ত্বাবধানে সদর থানার একটি দল মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেল ৪টা ৫০ মিনিটে পৌরসভার সিংহজানী রোডের মেষ্টা খানবাড়ি সংলগ্ন পূর্ব কাচারীপাড়া এলাকায় অভিযান চালায়।
অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও দুই মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। পরে স্থানীয়দের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে লকসি বেগমের কাছ থেকে ২০টি পুটলায় রাখা ১০৪ গ্রাম হেরোইন এবং ১৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় ১৪ লাখ ৯০ হাজার টাকা।
এ ঘটনায় সদর থানার এসআই খাইরুজ্জামান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেছেন। মামলায় লকসি বেগমকে প্রধান আসামি করে আরও দুই পলাতক আসামির নাম উল্লেখ করা হয়েছে।
পুলিশ জানায়, লকসি বেগম দীর্ঘদিন ধরে একটি চক্রের মাধ্যমে এলাকায় ইয়াবা ও হেরোইন ব্যবসা চালিয়ে আসছিলেন। তাকে গ্রেফতারে প্রায় এক মাস ধরে গোয়েন্দা তৎপরতা চালানো হয়।
সদর থানার এসআই খাইরুজ্জামান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামি মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পলাতক সহযোগীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিকল্পিতভাবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। মাদক চক্রের সাথে জড়িতদের আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে।
জেলা পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন বলেন, “জামালপুরকে মাদকমুক্ত রাখতে পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর ও আপসহীন।
তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মন্তব্য করুন