
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় আনসার কমান্ডার পরিচয় দিয়ে ঝাড়কাটা নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে ভেকু মেশিন ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ভেকু মেশিনের ব্যাটারিও জব্দ করা হয়।
শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে উপজেলার ২ নম্বর কড়ইচড়া ইউনিয়নের নলছিয়া এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল দিও।
স্থানীয় সূত্রে জানা যায়, মেলান্দহ উপজেলার নলছিয়া এলাকার সিরাজুল আকন্দের ছেলে নুরনবী দীর্ঘদিন ধরে ভেকু মেশিন ব্যবহার করে ঝাড়কাটা নদীর সরকারি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করে আসছিল। এমন খবরের ভিত্তিতে অভিযান পরিচালনা করে প্রশাসন।
অভিযান চলাকালে নিজেকে আনসার কমান্ডার পরিচয়দানকারী নুরনবী প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে থাকা ভেকু মেশিনটি অকেজো করে এবং ব্যাটারি জব্দ করে নিয়ে যায়।
এলাকাবাসীর অভিযোগ, নুরনবী দীর্ঘদিন ধরে ভুয়া পরিচয়ে এলাকায় প্রভাব বিস্তার করে আসছে। এছাড়া তিনি বিভিন্ন স্থানে অবৈধ শালিসি বৈঠক বসিয়ে অর্থের বিনিময়ে সাধারণ মানুষকে হয়রানি করে থাকেন। তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও বলেন, “অভিযান পরিচালনা করে ভেকু মেশিনটি অকেজো করা হয়েছে এবং ব্যাটারি জব্দ করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
মন্তব্য করুন