
নীলফামারীর কিশোরগঞ্জে জুস খাইয়ে অজ্ঞান করে ইজিবাইক ছিনিয়ে নেওয়া চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান।
এর আগে গতকাল রাতে উপজেলার মাগুরা ইউনিয়নের দক্ষিণ সিঙ্গেরগাড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, জেলার সৈয়দপুর পৌরসভার মুন্সি পাড়ার আব্দুল মান্নানের ছেলে নিরব ইসলাম (৩৮), নীরব ইসলামের স্ত্রী রুপা আক্তার (৩৫) ও সাহেব আলীর স্ত্রী রেশমা বেগম (২০)।
থানা পুলিশ জানায়, বুধবার সন্ধ্যার দিকে তারা তিনজন সিঙ্গেরগাড়ি এলাকায় ইজিবাইক চালককে সেটি ছিনতাইয়ের চেষ্টা করছিল এ সময় আশপাশের লোকজন ইজিবাইক চালককে অজ্ঞান অবস্থায় দেখতে পেয়ে সন্দেহ হয়। পরে তারা তিনজনকে আটক করে পুলিশে খবর দিলে পুলিশ এসে তাদের গ্রেফতার করেন।
এ ব্যাপারে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, তারা দীর্ঘদিন ধরে অজ্ঞান পার্টির চক্রের সঙ্গে জড়িত রয়েছে। গতকাল তাদের গ্রেফতার করে আজকে আদালতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন