
নীলফামারীর ডিমলা- উপজেলার ডালিয়া-জলঢাকা ও ডিমলা-ডোমার সড়কে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। রাতে সশস্ত্র ডাকাত দল চলন্ত ট্রাক, মাইক্রোবাস ও মোটরসাইকেলের গতিরোধ করে চালক-যাত্রীদের জিম্মি করে নগদ টাকা ও মালামাল লুট করে।এ ঘটনায় র্যাব ও পুলিশ যৌথ অভিযানে ডাকাত দলের এক সদস্যকে গ্রেফতার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (২৯ মার্চ) রাতে আনুমানিক দেড়টার দিকে ডিমলা উপজেলার ঝুনা গাছ চাপানি ইউনিয়নের ডালিয়া-জলঢাকা সড়কের সুইচগেট এলাকায় ২০ থেকে ২৫ জনের একটি ডাকাত দল সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
পরে তারা বিভিন্ন যানবাহন থামিয়ে অন্তত ৫০ টি মোবাইল ফোন এবং প্রায় ১০ লাখ টাকার বেশি নগদ অর্থ লুট করে। এ সময় ডাকাতরা কয়েকটি গাড়ির গ্লাস ভাঙচুর করে এবং চালক- যাত্রীদের মারধর করে আহত করে।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের দাবি, যারা দ্রুত জানালা খুলতে দেরি করেছে তাদের উপর বেশি হামলা চালানো হয়। ঘটনার সময় রাত আড়াইটার দিকে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ডিমলা থানায় খবর দেন। পরে তারা একত্রিত হয়ে ডাকাতদের ধাওয়া করলে ডাকাত দল পালিয়ে যায়।
পরে ভুক্তভোগীরা ডিমলা থানায় র্যাব -১৩ সিপিসি-২, নীলফামারীতে অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে র্যাব ও পুলিশ যৌথভাবে অভিযান শুরু করে। তথ্য প্রযুক্তির সহায়তায় ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে সোমবার (৩০ মার্চ) ভরে উপজেলার দক্ষিণ সোনাখুলি গ্রাম থেকে নুরুল হকের ছেলে আ,মালেক(৩৫)কে গ্রেফতার করা হয়।
ডিমলা থানার এসআই পরিতোষ রায় জানান, ভুক্তভোগীরা থানায় অভিযোগ দিয়েছেন। এ ঘটনায় ডাকাত দলের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।
মন্তব্য করুন