
জামালপুরের মেলান্দহ উপজেলার ৮নং ফুলকোচা ইউনিয়নের ফুলকোচা বাজার এলাকায় অবস্থিত মহিউসসূন্নাহ কওমি মাদ্রাসায় দুর্বৃত্তদের অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। ২৫ মার্চ দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, ঈদের ছুটির কারণে মাদ্রাসাটি বন্ধ ছিল। এ সুযোগে কে বা কারা পরিকল্পিতভাবে মাদ্রাসার পানির লাইন ভেঙে ফেলে এবং পানির ট্যাংকে আগুন ধরিয়ে দেয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে এক ব্যক্তি গরুর দুধ দোয়ানোর জন্য ঘুম থেকে উঠে আগুন দেখতে পান। পরে তিনি চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে আসেন। স্থানীয়রা মাদ্রাসার সহকারী শিক্ষককে ফোনে বিষয়টি জানালে তিনি দ্রুত ঘটনাস্থলে এসে বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করেন। পরে দেখা যায়, শুধুমাত্র পানির ট্যাংকে আগুন দেওয়া হয়েছে এবং পানির লাইন ভাঙচুর করা হয়েছে।
এ বিষয়ে মাদ্রাসার সহকারী শিক্ষক ও এলাকাবাসী জানান, এটি একটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলে তারা ধারণা করছেন।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে জানতে চাইলে মাদ্রাসার সভাপতি ছামিউল হক ও সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মামুন বলেন, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন