
জামালপুরের মেলান্দহ উপজেলায় নিজস্ব আবাদি জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই গুরুতর আহত হয়েছেন। আহত অবস্থায় তাকে প্রথমে মেলান্দহ উপজেলা হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত ব্যক্তির নাম মোঃ আব্বাস আলী (৫০)। তিনি থুরী টনকিপাড়া এলাকার বাসিন্দা। অভিযুক্ত মমতাজ আলী (৫৬) এবং তার স্ত্রী নুরুন্নেছা (৪০)—সম্পর্কে আব্বাস আলীর বড় ভাই ও ভাবি।
আব্বাস আলী তার ছোট ভাই মৃত ওয়াসিমের কাছ থেকে ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জমি ক্রয় করেন অনেক আগেই। প্রায় ১০ বছর ধরে তার চাচাতো ভাই মুকুল সেই জমি বর্গা চাষ করে আসছিলেন। জমি দখলের উদ্দেশ্যে বিভিন্ন সময় পাঁয়তারা করে আসছিলেন বড় ভাই মমতাজ আলী। বিভিন্ন সময়ে বর্গাদার কে অকথ্য গালিগালাজ করতেন তিনি।
ঘটনার দিন সকাল সাড়ে আটটার দিকে নিজস্ব আবাদি জমিতে কাজ করার সময় অভিযুক্তরা আব্বাস আলীর ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় এলোপাতাড়ি কিল-ঘুষিতে তাকে মাটিতে ফেলে দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মেলান্দহ উপজেলা হাসপাতালে ভর্তি করেন। পরে সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক তাকে জামালপুর জেনারেল হাসপাতালে রেফার করেন।
বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।
মন্তব্য করুন