জামালপুরের মাদারগঞ্জে ঝারকাটা নদীর খাস জমি থেকে দীর্ঘ দিন ধরে অবৈধভাবে চলছে মাটি বিক্রির মহা উৎসব।
শুক্রবার (৩ মার্চ২৬) বেলা ১১ টায় সরেজমিনে গিয়ে দেখা যায়, কড়ইচড়া ইউনিয়নের ঝারকাটা ব্রীজের ৩০০ গজ পূর্ব পাশে নদীর ভিতরে খাস জমি থেকে ভেকু দিয়ে মাটি উত্তোলন করে আসছেন মাটি ব্যবসায়ীরা।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয়দের মাধ্যমে জানা যায়,পাশ্ববর্তী মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের নলছিয়া গ্ৰামের সিরাজ আকন্দের ছেলে নুরনবী আনসার বাহিনীতে চাকরি করলেও, তিনি অন্য উপজেলা থেকে এসে ক্ষমতার অপব্যবহার করে, দীর্ঘ দিন ধরে অবৈধভাবে মাটি উত্তোলন করে আসছেন।
এছাড়াও স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করে বলেন, প্রতিনিয়ত অবৈধভাবে নদীর খাস জমি থেকে ভেকু দিয়ে মাটি উত্তোলন করে বিক্রি করায় নদীর তীরবর্তী রাস্তা বর্ষা মৌসুমে ভাঙ্গনের কবলে পডে। নদী হলেও এখানে বছরে দুই থেকে তিনটি ফসল উৎপাদন করা যায়। আমরা তাদের কাছে অসহায়, কিছু বলতে গেলে বিভিন্ন হুমকি ধামকির শিকার হতে হয়। নদী একটি রাষ্ট্রীয় সম্পদ। তাই প্রশাসনের কাছে রাষ্ট্রীয় সম্পদ রক্ষার দাবি স্থানীয় দের।
এ বিষয়ে ঠিকাদার নুর নবীর সাথে মুঠোফোনে যোগাযোগ করে "তিনি কিসের ভিত্তিতে নদীর খাস জমি থেকে মাটি উত্তোলন করছেন, ভূমি অফিসের কোন অনুমতি পত্র আছে কিনা" জানতে চাইলে, তিনি বলেন, আমি ইউএনও, এসি ল্যান্ডের সাথেই থাকি সব সময়। আমি ময়মনসিংহ জেলার ফুলপুর থানায় আনসার কমান্ডার হিসেবে কর্মরত আছি। আগামীকাল আমার ইউএনও কে দিয়ে ফোন করাবো বলে জানান তিনি।
এবিষয়ে মাদারগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি (এসি ল্যান্ড) রাসেল দিও বলেন, আমরা বিষয়টি জানতে পেরেছি সরেজমিনে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।