জামালপুরের বকশীগঞ্জে ভুয়া ঠিকানা ব্যবহার করে টিসিবির ডিলার নিয়োগ পাওয়ার অভিযোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার নিলক্ষিয়া বাজারে স্থানীয় ব্যবসায়ীদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, নিলক্ষিয়া ইউনিয়নের স্থায়ী বাসিন্দা না হয়েও ভুয়া ঠিকানা ব্যবহার করে ‘মুহিব ট্রেডার্স’-এর প্রোপাইটর হেলানা বেগম টিসিবির ডিলার হিসেবে নিয়োগ পেয়েছেন। যা সরকারি নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন। এ সময় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি মমতাজুর রহমান মমতাজ, মজিবর রহমান, আবদুল মালেকসহ স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ।
বক্তারা আরও বলেন, স্থানীয় প্রকৃত ব্যবসায়ী ও বাসিন্দাদের বঞ্চিত করে এ ধরনের নিয়োগ দেয়া অন্যায় ও অনৈতিক। তারা অবিলম্বে এই ডিলার নিয়োগ বাতিল করে সঠিক যাচাই-বাছাইয়ের মাধ্যমে যোগ্য ব্যক্তিকে নিয়োগ দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।
মানববন্ধন শেষে একই দাবিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দেওয়ার কথাও জানান।