ফিফা প্রীতি ম্যাচে র্যাঙ্কিংয়ে ৭৮ ধাপ এগিয়ে থাকা শক্তিশালী ভিয়েতনামের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ম্যাচটি অনুষ্ঠিত হবে আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা ৬টায়, হ্যানয়ের হ্যাং ডে স্টেডিয়ামে।
তবে ম্যাচের উত্তেজনাকে ছাপিয়ে সবচেয়ে বড় আলোচনায় জায়গা করে নিয়েছেন হামজা চৌধুরী। ইংল্যান্ড থেকে দীর্ঘ ভ্রমণ শেষে গতকালই ভিয়েতনামে পৌঁছেছেন এই তারকা মিডফিল্ডার। ইনজুরি কাটিয়ে ফেরায় তাকে ঘিরে সমর্থকদের প্রত্যাশা তুঙ্গে থাকলেও একাদশে তার থাকা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
বাংলাদেশ দলের প্রধান কোচ হ্যাভিয়ের কাবরেরা জানিয়েছেন, ভিয়েতনামের আবহাওয়া ও কন্ডিশন বেশ চ্যালেঞ্জিং। তার ওপর দীর্ঘ ভ্রমণের ক্লান্তি থাকায় হামজাকে নিয়ে ঝুঁকি নিতে চান না তিনি। ফলে ম্যাচে তাকে শুরু থেকে দেখা যাবে কিনা, তা নিয়ে রয়েছে সংশয়।
অন্যদিকে, হামজার উপস্থিতিই যেন বাড়তি চাপ তৈরি করেছে ভিয়েতনাম শিবিরে। যদিও বাংলাদেশের মূল লক্ষ্য সামনে থাকা সিঙ্গাপুর ম্যাচ, তবুও এই ম্যাচকে আত্মবিশ্বাস অর্জনের বড় সুযোগ হিসেবে দেখছে দলটি।
দলের অধিনায়ক জামাল ভুঁইয়া বলেছেন, “ভিয়েতনাম শক্তিশালী দল হলেও আমরা লড়াই করতে প্রস্তুত। ভালো একটি ম্যাচ খেলতে চাই।”
পরিসংখ্যান বলছে, দুই দলের মধ্যে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভিয়েতনাম। এর মধ্যে দুই ম্যাচ ড্র হলেও একটিতে জয় পেয়েছে ভিয়েতনাম। প্রায় দুই যুগ পর আবারও মুখোমুখি হচ্ছে দুই দল।
সব মিলিয়ে, শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে আজকের ম্যাচে কেমন করে বাংলাদেশ—আর হামজা চৌধুরী মাঠে নামেন কিনা-সেই দিকেই এখন সবার চোখ।