
জামালপুরের মেলান্দহ উপজেলায় ইয়াবাসহ আটকের ঘটনায় অভিযুক্ত দুই ছাত্রদল নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করেছে উপজেলা ছাত্রদল।
মঙ্গলবার (১৭ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন মেলান্দহ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনিরুজ্জামান শিপলু ফকির এবং সদস্য সচিব রকিব হাসান রনি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে ৬নং আদ্রা ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মোঃ আনিছুর রহমান এবং একই ইউনিয়নের ২নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক এনামুল হককে তাদের সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এছাড়া বহিষ্কৃতদের সঙ্গে ছাত্রদলের কোনো নেতাকর্মীকে সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এর আগে রোববার (১৫ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে মেলান্দহ উপজেলার হাজরাবাড়ী পৌর বাজার এলাকায় অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ৪০ পিস ইয়াবাসহ চারজনকে আটক করে।
এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
মন্তব্য করুন