
সবাইকে সঙ্গে নিয়ে অন্যায়-দুর্নীতিমুক্ত এবং ন্যায়-ইনসাফভিত্তিক মেলান্দহ-মাদারগঞ্জ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন নবনির্বাচিত সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মেলান্দহ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে নবনির্বাচিত এমপির সঙ্গে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পরিচিতি ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল আরার সভাপতিত্বে মত বিনিময় সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা আক্তার জ্যোতি, মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমানসহ উপজেলা বিএনপি নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, গণঅধিকার পরিষদ এবং অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরা।
এছাড়াও জুলাই শহীদ পরিবারের সদস্য, ছাত্র সংগঠনের নেতাকর্মী, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার স্থানীয় মানুষ সভায় বক্তব্য দেন। মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, চলমান উন্নয়ন কর্মকাণ্ড এবং জনসেবামূলক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সভা শুরুর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলের তোড়া ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে এমপি মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, সবার সহযোগিতা নিয়ে তিনি এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে চান।
তিনি আরও বলেন, দলমত নির্বিশেষে চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক মেলান্দহ-মাদারগঞ্জ গড়াই তার অঙ্গীকার।
সভায় উপস্থিত অতিথিরা এমপির বক্তব্যকে ইতিবাচক ও মানবিক হিসেবে উল্লেখ করেন এবং স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতাদের সমন্বিত উদ্যোগে এলাকার উন্নয়ন ও সুশাসন নিশ্চিত হবে বলে আশা প্রকাশ করেন।
মতবিনিময় সভার পূর্বে উপজেলা সমাজসেবা অফিস কর্তৃক বিকলাঙ্গদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন তিনি। আলোচনা শেষে দেশের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পরিশেষে উপস্থিত অতিথিদের জন্য ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
মন্তব্য করুন